নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল ইসলাম চৌধুরীর আদালত গতকাল সোমবার এ আদেশ দেন।
এ মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর চার সহযোগীর পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। তবে অসুস্থতার কারণে মামলার অন্য আসামি র্যা বের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে হাজির না করা হয়নি।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নূর হোসেনসহ পাঁচ আসামির পক্ষে জামিনের আবেদন জানানোর পর আমরা জামিনের বিরোধিতা করলে আদালত নামঞ্জুর করেন। আদালত দুটি মামলার অভিযোগ গঠনের জন্য ২৭ জানুয়ারি ধার্য করেছেন।’
এর আগে সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার একটি চাঁদাবাজি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে নূর হোসেনকে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জামিনে থাকা মামলার অন্য আসামি তাঁর ভাতিজা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বরখাস্ত) শাহ্ জালাল বাদলের জামিনের মেয়াদ বাড়িয়ে দেন। ওই মামলার পলাতক আসামিদের মালপত্র ক্রোকের নির্দেশ দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে একটি মামলার বাদী সেলিনা ইসলাম তাঁর করা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দী ছাড়া অভিযোগপত্র দেওয়ায় তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন দাখিল করলে প্রথমে বিচারিক হাকিম আদালত ও পরে জেলা ও দায়রা জজ আদালত তা খারিজ করে দেন। পরে সেলিনা ইসলাম অধিকতর তদন্ত চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত শুনানি শেষে আদেশে বলেন, পুলিশ চাইলে মামলাটি অধিকতর তদন্ত করতে পারে। তবে মামলাটিতে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার ধারা যুক্ত করে বিচার করার জন্য জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন। ওই মামলায় নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জন কারাগারে আটক রয়েছেন।