দুই মামলার একটি যাচ্ছে জজকোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুটি মামলার একটির বিচার প্রক্রিয়া শুরু (অভিযোগ গঠন) করার জন্য জজকোর্টে পাঠানো হচ্ছে। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক আশিক ইমাম এ আদেশ দেন।

নারায়ণগঞ্জে কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একই সঙ্গে নিয়মিত হাজিরা শেষে র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ এ মামলার ২২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। আর চতুর্থ দিনে উদ্ধার করা হয় অপরজনের লাশ। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন। মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা যে অভিযোগপত্র দাখিল করেছেন; মামলার বাদীর আপত্তি না থাকায় অভিযোগ গঠনের জন্য আদালত তা জজকোর্টে পাঠিয়েছেন। অন্যদিকে কাউন্সিলর নজরুল ও তাঁর চার সহযোগীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় করা মামলায় দাখিল করা অভিযোগপত্রের ব্যাপারে নারাজি জানিয়ে আবেদন করেছেন বাদী সেলিনা ইসলাম বিউটি। এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য আছে।