দুই মামলার একটিতে সোহেল রানার বাবার জামিন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া দুই মামলার একটিতে জামিন পেয়েছেন ভবনমালিক সোহেল রানার বাবা আবদুল খালেক। তবে অবহেলায় মৃত্যুর অভিযোগ করা অপর মামলায় তাঁর আবেদন ফেরত দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক ও কাশিফা হোসেন সমন্বয় গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবদুল খালেকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান মামলা পরিচালনা করেন। আবেদনকারীর পক্ষে ছিলেন মো. নাজমুল হুদা।
পরে মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে করা মামলায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবদুল খালেকের জামিন মঞ্জুর করা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলার জামিন আবেদন ফেরত দেওয়া হয়েছে।
চলতি বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক মানুষ নিহত হন।
ইমারত নির্মাণ আইনের ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ এপ্রিল রানার বাবা আবদুল খালেককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানার অপর একটি মামলা হয়।
এই দুই মামলায় আবদুল খালেক হাইকোর্টে জামিন আবেদন জানান।