নরসিংদীতে একই পরিবারের চারজন এবং ভৈরবে স্বামী-স্ত্রীকে খুনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিষ্ঠু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিষ্ঠুর বাড়ি ভৈরব পৌর শহরের জগন্নাথপুরে।ভৈরব থানা সূত্র জানায়, ২০০৬ সালের ২৭ নভেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামে শামসুদ্দিনের বসতঘরে হানা দেয় দুর্বৃত্তরা। ওই রাতে তাঁর বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দুই মেয়ে রুমানা ইসলাম (২৩), আসমা ইসলাম (২৬) এবং শামসুদ্দিনের দুই নাতনি ২২ দিনের শিশু অর্ণব ও নয় মাসের শিশু বর্ণকে খুন করে। এর দুই মাস পর ২০০৭ সালের ১৯ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় একইভাবে খুন হন আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী কোহিনুর বেগম।চার খুনের ঘটনায় গৃহকর্তা শামসুুদ্দিন মোল্লা ও স্বামী-স্ত্রী খুনের ঘটনায় তাঁদের ছেলে আদনান হোসেন হত্যা মামলা করেন। উভয় মামলার এজাহারভুক্ত আসামি মিষ্ঠু মিয়া। দুটি মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের জবানবন্দিতেও মিষ্ঠুর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। চার খুনের মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘চাঞ্চল্যকর মামলা’ হিসেবে নথিভুক্ত হয়েছে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, গ্রেপ্তার মিষ্ঠু দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ঘটনার পর থেকে মিষ্ঠু পলাতক ছিল। চার খুনের মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলা হিসেবে নথিভুক্ত হওয়ায় মিষ্ঠুকে ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হবে।এদিকে মিষ্ঠুর গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে দুই মামলার বাদী ও তাঁদের পরিবারের সদস্যরা থানায় আসেন। তাঁরা দাবি করেন, তাঁদের স্বজনদের হত্যার সঙ্গে মিষ্ঠু জড়িত। মামলা তুলে নেওয়ার জন্য আত্মগোপনে থেকে মিষ্ঠু তাঁদের হুমকি দিয়ে আসছিল।