সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে করা দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম গতকাল বুধবার এ তারিখ ধার্য করেন।
মামলা দুটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল এ দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর তদন্ত শেষ না হওয়ায় সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ১ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
রানা প্লাজা ধসের ঘটনায় গত বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়। এর একটি হলো অবহেলাজনিত মৃত্যুর কারণে পুলিশের করা হত্যা মামলা। অপরটি হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় ইমারত নির্মাণ আইনের মামলা। এই মামলাটি করে রাজউক।
গত বছরের ২৪ এপ্রিল ঢাকার অদূরে রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন নিহত হওয়ার ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ওই ভবনের কর্ণধার সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেন।
এই হত্যা মামলার আসামিদের মধ্যে সোহেল রানার বাবা আবদুল খালেক ওরফে খালেক কুলু, মোহাম্মদ আলী খান, রেফাতউল্লাহ, আবুল হাসান, অনিল কুমার দাস, শাহ আলম মিঠু, এমায়েত হোসেন, রাকিবুল ইসলাম ও আলম মিয়া জামিনে রয়েছেন।
এই হত্যা মামলায় বজলুল সামাদ আদনান, মাহমুদুর রহমান, সোহেল রানা, আমিনুল ইসলাম, আনিছুর রহমান, মো. আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক খান, আলমগীর, রাসেল, মধু ও সরোয়ার কারাগারে রয়েছেন।