রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ২০ ফেব্রুয়ারির সহিংস ঘটনায় একই ধরনের দুটি মামলা হয়েছে। এ ঘটনায় নিহত বুদ্ধপুদি চাকমার স্বামী ও একটি মামলার বাদী উত্তম কুমার চাকমা জানান, তাঁর করা মামলার আসামিরা পুলিশের সামনেই চলাফেরা করছেন, বাঙালিদের পক্ষে বক্তব্যও দিচ্ছেন; কিন্তু তাঁদের ধরা হচ্ছে না।আবার একই ঘটনার পৃথক মামলায় সেনাসদস্যরা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁরা হলেন দেবেন্দ্র চাকমা (৪০), রূপায়ণ চাকমা (১৭), লিটন চাকমা (২৩) ও মিথ্যা চাকমা (২৩)। সেনাসদস্য আবুল হোসেন ওই চারজনসহ চার-পাঁচ শ লোককে আসামি করে বাঘাইছড়ি থানায় এ মামলা করেন।অবশ্য রাঙামাটির পুলিশ সুপার মাসুদ-উল-হাসান বলেন, মামলা হলেই যে গ্রেপ্তার করা হবে, তা তো নয়। তবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, একই ধরনের মামলায় এক পক্ষকে গ্রেপ্তার করা হবে, আর অন্য পক্ষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীর সামনে বক্তব্য রাখবে, এটা বৈষম্যমূলক।উত্তম কুমার চাকমার অভিযোগ, নাজিম উদ্দিন, আবদুল হাই, শাহ আলমদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে মামলা হলেও তাঁদের গ্রেপ্তার করা হয়নি। বরং তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গত বুধবার বাঘাইহাট পরিদর্শনের সময় সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত বাঙালিদের সঙ্গে মতবিনিময় সভায় মামলার আসামি বাঘাইহাট বাজার সমিতির সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দেন। এ সময় অন্য আসামিরাও সেখানে ছিলেন।এ ব্যাপারে প্রশ্ন করা হলে পুলিশ সুপার মাসুদ-উল-হাসান বলেন, মামলা হলে গ্রেপ্তার করা যায় না। তদন্তের পর দোষী সাব্যস্ত হলে তারপর গ্রেপ্তার করা হবে।সেনাসদস্য আবুল হোসেনের করা মামলায় গ্রেপ্তার হওয়া চার ব্যক্তিকে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিরা অসুস্থ থাকায় পর তাঁদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি চিকিত্সা কর্মকর্তা জিতেন্দ্রিয় তঞ্চঙ্গ্যা চার আসামিকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।সংশোধনী: ২১ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘সংঘর্ষ-গুলি, রক্তাক্ত বাঘাইছড়ি’ শীর্ষক সংবাদে বাঘাইহাটের ঘটনায় আহত সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউল করিম সাদা পোশাকে ঘটনাস্থলে যান বলে উল্লেখ করা হয়েছিল। পরে আরও খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, ঘটনার সময় সার্জেন্ট রেজাউল করিম সেনা পোশাকে ছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।