সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় আগামী ২৫ মে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ তারিখ ধার্য করেন।
এদিকে ইমারত আইনে করা মামলায় আগামী ১০ মে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার এ দুটি মামলায় আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করার দিন ধার্য ছিল। পৃথক দুটি আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
গতকাল রানা প্লাজার কর্ণধার সোহেল রানার পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত বলেন, রানা প্লাজা ধস প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা মানবসৃষ্ট। এই অপরাধ ক্ষমার যোগ্য না। তাই জামিনের আবেদন নাকচ করা হলো।
এ মামলায় কারাগারে থাকা সোহেল রানাসহ ছয় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। জামিনে থাকা ২৩ আসামি আদালতে হাজির ছিলেন।।