দুই মামলায় আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা দুটি মামলার শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য আছে। এই দুটি মামলায় তিনি আজ ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হবেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে গত বছরের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি তিন আসামি হলেন: তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। আর দুদক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছে ২০০৮ সালের ৩ জুলাই। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ‘প্রধানমন্ত্রীর এতিম তহবিল’ নামে সোনালি ব্যাংকের ঢাকার রমনা শাখায় একটি চলতি হিসাব খোলেন। ভুয়া এফডিআরের মাধ্যমে ব্যাংক থেকে এই এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগে দুদক মামলা করে। এরপর দুদক ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে আসামি করে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করে। খালেদা জিয়া এই মামলায় জামিনে আছেন। এ ছাড়া তারেক রহমান উচ্চ আদালতের আদেশে চিকিৎসার জন্য লন্ডনে আছেন।