দুই মামলায় আসামি শিবিরের চার শতাধিক নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজে বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় করা দুটি মামলায় শিবিরের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিবিরের ১৭ জন নেতা-কর্মী ও ক্যাডারকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংঘর্ষ চলার সময় অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কলেজ শিক্ষক পরিষদ অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপপরিদর্শক (এসআই) অনু মং ও কনস্টেবল সুদর্শন বড়ুয়া শিবির ক্যাডারদের হামলার শিকার হন। এ ঘটনায় অনু মং বাদী হয়ে শিবিরের কলেজ শাখার সভাপতি হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক লোকমান হাকিমসহ তিন শতাধিক শিবির ক্যাডারের নামে একটি মামলা করেন। অন্য মামলাটি করেছেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক হিল্লোল দাশ। এই মামলায় সংঘর্ষের দিন আটক ১২ জনসহ শিবিরের শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।ওসি শাহজাহান আরও জানান, গতকাল বুধবার শহরের বিভিন্ন স্থান থেকে শিবিরের পাঁচ ক্যাডারকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় লোকমান হাকিমসহ ১৫ জনকে আটক করে পুলিশ। পরে নিরপরাধ তিনজন শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। গতকাল গ্রেপ্তার হওয়া শিবিরের পাঁচ ক্যাডারসহ মোট ১৭ জনকে দুপুরের কক্সবাজার বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে অধ্যক্ষসহ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে অধ্যাপক সুনীল চন্দ্র পালের সভাপতিত্বে কলেজের শিক্ষক পরিষদের জরুরি সভা হয়। সুনীল চন্দ্র পাল জানান, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি চলছে। আগামী রোববার শিক্ষক পরিষদের সভা ডাকা হয়েছে। ওই সভা থেকে আরও কর্মসূচি আসতে পারে।প্রসঙ্গত, স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে অধ্যক্ষসহ অন্তত ৭০ জন আহত হয়।