দুই মামলায় খালেদা জিয়ার আবেদনের শুনানি ১৩ জুলাই
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন ১৩ জুলাই শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা খালেদা জিয়ার দুটি রিট আবেদন গত ১৯ জুন হাইকোর্টে খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে গতকাল আবেদন করেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার দুটি আবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত স্থগিতাদেশ দেননি। ১৩ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।