দুই মামলায় খালেদাকে হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় আবারও সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত।

আগামী ৩ সেপ্টেম্বর পুনরায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে বিচারক বাসুদেব রায় ওই দিন খালেদা জিয়াসহ অন্য আসামিদের উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।

বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।

আজ এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর ধার্য দিনে খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি চেয়ে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, এ দুই মামলার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে চারটি আবেদন করা হয়েছে। এসব আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত ৩ সেপ্টেম্বর আপিল বিভাগের আদেশ দাখিল অন্যথায় সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানান।

এর আগে ১৯ জুন এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। সেদিনও আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জুলাই তারিখ ধার্য করেছিলেন আদালত। সেদিন আবারও ২৭ জুলাই তারিখ ধার্য করা হয়েছিল।

খালেদা জিয়ার আইনজীবী সাজ্জাদ হায়দার ৯ জুলাই প্রথম আলোকে বলেছিলেন, গত ১৯ মার্চ এ দুই মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন ২৩ এপ্রিল খারিজ করেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়েছে। এ ছাড়া বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা দুটি রিট ১৯ জুন খারিজ করেন হাইকোর্ট। ওই দুই আদেশের বিরুদ্ধেও দুটি আবেদন (সিএমপি) করা হয়েছে। আবেদনগুলো শুনানির অপেক্ষায় আছে।