দুই মামলায় ডেসটিনির প্রেসিডেন্ট হারুনের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হারুন-অর-রশিদের জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল গতকাল সোমবার খারিজ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘দুই মামলায় হারুন-অর-রশিদের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের মে পর্যন্ত সময়ে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুদক এ মামলা দুটি করে।

মামলার নথি থেকে জানা যায়, হারুন-অর-রশিদ ছাড়া ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ২২ কর্মকর্তাকে এ দুটি মামলায় আসামি করা হয়েছে। ২০১২ সালের ১৮ অক্টোবর হাইকোর্ট হারুন-অর-রশিদকে শর্ত সাপেক্ষে জামিন দেন। ওই বছরের ২৫ অক্টোবর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে। গতকাল ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ তা খারিজ করেন।

খুরশীদ আলম খান বলেন, গত বছরের ৩০ মার্চ এ মামলা দুটিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওই বছরের ১১ জুন অভিযোগ আমলে নিয়েছেন আদালত।