দুই মামলায় বিএনপির পাঁচ নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল থানায় করা পৃথক দুটি মামলায় বিএনপির পাঁচ নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিচারপতি নিজামুল হক ও মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার তাঁদের জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। তাঁদের মধ্যে ওই দুটি মামলায় জামিন পাওয়ায় আবদুল আউয়াল মিন্টুর কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
এদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। অন্যদিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
পাঁচ নেতার জামিন: ভাঙচুর ও মারধরের নির্দেশ ও পরিকল্পনার অভিযোগে গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় দুটি মামলা করে পুলিশ। দুই মামলায় গত ২৮ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত পাঁচ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
আদালতে তাঁদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এম বদরুদ্দোজা ও এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, মিন্টুর বিরুদ্ধে থাকা পাঁচ মামলার মধ্যে তিনটিতে তিনি নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। দুটিতে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই। অন্য চার নেতার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
খন্দকার মাহবুবের রিমান্ড অবৈধ: পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুরের অভিযোগে রমনা থানায় করা এক মামলায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ৭ জানুয়ারি খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করা হয়। পরদিন খন্দকার মাহবুবকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম। এরপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রিমান্ড আদেশ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করে রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট রুল মঞ্জুর (অ্যাবসলিউট) করে রায় দেন।
খন্দকার মাহবুবের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মো. গোলাম কিবরিয়া ও মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।