কক্সবাজারে যুবদলের কর্মী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ওপর গুলিবর্ষণের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা পাল্টাপাল্টি দুটি মামলায় বিএনপির ২৭ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এ নিয়ে দ্বিধা বিভক্ত জেলা বিএনপিতে চলছে উত্তেজনা।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশিদ জানান, গত মঙ্গলবার প্রথম মামলায় নয়জন এবং পরের দিন বুধবার পাল্টা মামলায় (দ্বিতীয়) বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও ১৮ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র সাত কার্যদিবসের মধ্যে আদালতে জমা দেওয়ার বিধান রয়েছে।পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত ৩১ অক্টোবর বিকেল পাঁচটায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত যুবদলের কর্মী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বক্তৃতা করছিলেন। এ সময় তাঁকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়। এ ঘটনায় পুলিশ সমাবেশ থেকে যুবদলের ক্যাডার মো. রফিককে গ্রেপ্তার করে।এ ঘটনায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী ১ নভেম্বর বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র ও দ্রুত বিচার আইনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নয় নেতার বিরুদ্ধে একটি মামলা করেন। এজাহারে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের আহ্বায়ক নাছিমা আকতার ওরফে বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীকে অভিযুক্ত করা হয়।মামলায় প্রধান আসামি আটক যুবদল ক্যাডার রফিক ছাড়াও যথাক্রমে শামসুল ইসলাম, মহিউদ্দিন মো. তারেক, শাহাবউদ্দিন, ইউসুফ, মোশাররফ হোসেন, মো. তারেক, গিয়াস উদ্দিন ও আমিনুল ইসলামকে আসামি করা হয়।এই মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেন থোয়াই গত মঙ্গলবার কক্সবাজার আদালতে নয়জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন। এতে ভাইস চেয়ারম্যান নাছিমা আকতার, আজিজুর রহমান ও ইউসুফ বদরীকে অব্যাহতি দেওয়া হয়।তবে ওই দিন আদালতে বাদীপক্ষের আইনজীবী নারাজি পিটিশন দেওয়ার জন্য সময় প্রার্থনা করেন। এই মামলার বাদী আশরাফুল হুদা সিদ্দিকী জানান, পুলিশ রহস্যজনক কারণে মামলা থেকে অন্যতম তিনজনকে বাদ দিয়েছে। এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেওয়া হবে।পাল্টা মামলার অভিযোগপত্র দাখিল করা হয় গত বুধবার। এই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতাকে অভিযুক্ত করা হয়। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আকতারের ভাই ও জেলা যুবদলের নেতা মো. আনোয়ার বাদী হয়ে এই মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোলেমান জানান, সাক্ষ্য-প্রমাণে যা পাওয়া গেছে, অভিযোগপত্রে তা-ই উল্লেখ করা হয়েছে। ওসি হারুন অর রশিদ জানান, পাল্টাপাল্টি দুই মামলার অভিযুক্ত নেতারা সবাই উচ্চ আদালত থেকে আগাম জামিনে রয়েছেন। এই সময় শেষ হলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, আলালের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রথম মামলাটি যথেষ্ট ছিল। কিন্তু কোন্দল জিইয়ে রাখতে আওয়ামী লীগ বিএনপির কিছু নেতাকে দিয়ে বিএনপির ত্যাগী ও সক্রিয় নেতাদের বিরুদ্ধে আরেকটি পাল্টা মামলা করিয়েছে। এখন পাল্টাপাল্টি দুই মামলায় বিএনপির দুটি পক্ষের ২৭ নেতা এলাকাছাড়া হলে সুবিধা ভোগ করবে অন্য দলের নেতারা।