দুই মামলায় মির্জা আব্বাস ৮ দিনের রিমান্ডে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশের কাজে বাধা ও ককটেল ছোড়ার পৃথক দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মহানগর হাকিম মোস্তাফা শাহরিয়ার খান গতকাল সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন। পরে মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা আব্বাসের আইনজীবীরা রিমান্ড আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।রিমান্ড আদেশের পর এজলাস ত্যাগ করার সময় উপস্থিত আইনজীবীরা হইচই করেন। এ সময় কে বা কারা হাকিমকে লক্ষ্য করে কাগজ ও পানির বোতল ছুড়ে মারেন।গত ২৭ জুন পুলিশের কর্তব্যকাজে বাধা ও ককটেল নিক্ষেপের অভিযোগে দুই থানায় দায়ের করা দুটি মামলায় মির্জা আব্বাসকে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। কিন্তু মির্জা আব্বাস ওই সময় চিকিৎসাধীন ছিলেন।গতকাল মির্জা আব্বাসকে বারডেম হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে আদালতের হাজতখানায় আনা হয়। কিন্তু বিচারকাজ ভবনের চতুর্থ তলায় হওয়ার কারণে তাঁকে বিচারকের সামনে হাজির করা হয়নি।মির্জা আব্বাসের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি আদালতে হাজির আছেন ধরে নিয়ে আদালত রিমান্ড শুনানি গ্রহণ করেন।মির্জা আব্বাসের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, তাঁকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে সরকারপক্ষ কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবীরা আরও বলেন, ঘটনার দীর্ঘদিন পর রিমান্ডে নেওয়ার কোনো কারণ নেই। এজাহারভুক্ত আসামিরা জামিনে আছেন। মির্জা আব্বাস সুস্থ—এই মর্মে কোনো চিকিৎসাপত্র আদালতে দেয়নি পুলিশ। তাই তিনি জামিন পেতে পারেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মির্জা আব্বাস গত ২৭ জুন হরতালের দিন গাড়ি পোড়ানো ও ভাঙচুরের নির্দেশ দেন। এ জন্য পুরস্কার ঘোষণা করা হয়। এ বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দুই মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।