দুই মামলায় মেয়র মান্নানের জামিন নামঞ্জুর

গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের দুই মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে গাজীপুরের পৃথক দুটি আদালত মেয়র মান্নানের জামিন নামঞ্জুর করেন।
গাজীপুরের আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, আজ সকালে গাজীপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হাই ও মাহবুবা আক্তারের পৃথক আদালতে মেয়র মান্নানের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত মেয়র মান্নানের জামিন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে পুলিশ বহনকারী একটি গাড়িতে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়র মান্নানসহ ২৭ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। কালিয়াকৈর থানার এসআই মনিরুল ইসলাম এ মামলার বাদী। আজ এ মামলার শুনানি হয় মাহবুবা আক্তারের আদালতে। বিচারক শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন।
এ ছাড়া একই দিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনের সড়কে পেট্রল দিয়ে বাসে আগুন দেওয়া এবং যানবাহনে ভাঙচুরের অভিযোগে মেয়র মান্নানসহ ৩০ জনের নামে এবং আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে টঙ্গী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। এসআই মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। আজ সকালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল হাইয়ের আদালতে মামলার জামিন শুনানি হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ওই রাতে চান্দনা চৌরাস্তা থেকে আরও নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁদের গাজীপুরের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মেয়র মান্নান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রয়েছেন।