নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তির নামে দুটি মামলা হয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার রাতেই পুলিশ পৃথক অভিযোগে কেন্দুয়া থানায় মামলা দুটি করে। গ্রেপ্তার-আতঙ্কে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।উপজেলার সাজিউড়া বাজার এলাকায় গত বৃহস্পতিবারের ওই সংঘর্ষে আট পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। ঘটনার পর পুলিশ ছাত্র-কিশোরসহ ২৩ জনকে আটক করে।পুলিশ জানায়, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি, বাজারে লুটপাট ও দোকানপাটে ভাঙচুরের চেষ্টার অভিযোগে দ্রুত বিচার আইনে একটি মামলায় ৬৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে অপর মামলায় আসামি ৫৭ জন। উভয় মামলাতেই অভিযোগ করা হয়েছে, স্থানীয় কান্দিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে এসব ঘটনা ঘটে। এদিকে ঘটনার দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, কিশোরসহ আটক ২৩ জনকেই দুটি মামলায় আসামি করা হয়েছে। তাঁদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কান্দিউড়া ইউপির চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, আতঙ্কে অনেকেই এলাকা ছেড়েছেন। এতে করে তেঁতুলিয়া গ্রাম বর্তমানে প্রায় পুরুষশূন্য। তিনি অভিযোগ করেন, সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ত নন এমন একাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। নিরীহ লোকদের ওপর হয়রানি না করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব নিরপরাধ ব্যক্তিদের আসামি করার বিষয়টি সরাসরি স্বীকার না করলেও বেশ কয়েকজন ছাত্র ও কিশোরকে মামলায় আসামি করার কথা স্বীকার করেন। তিনি আশ্বাস দেন, পুলিশ নিরপরাধ কাউকে হয়রানি করবে না।