দুই মামলায় শামীম ওসমানের জামিন
দুই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক সাংসদ শামীম ওসমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী গোলাম কিবরিয়া। ফলে শামীম ওসমানের মুক্তিতে আইনগত বাধা রইল না।সম্পদের হিসাব না দেওয়ায় ২০০৭ সালের ৪ এপ্রিল দুর্নীতি দমন কমিশন শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় একই বছরের ৩০ এপ্রিল তাঁর তিন বছরের সাজা হয়। আয়কর ফাঁকির অভিযোগে ২০০৭ সালের ৮ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ১২ সেপ্টেম্বর বিচারিক আদালতের রায়ে তাঁর আট বছরের কারাদণ্ড হয়। দুই মামলায় দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করলে দণ্ডের কার্যকারিতা স্থগিত হয়। তবে রিট আবেদন না চালানোয় এ বছরের ২৬ জানুয়ারি ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।