বরিশালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনকে প্রধান করে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। গতকাল টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল।এদিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন ও শ্রমিকনেতা আফতাব হোসেন সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন। গতকাল শ্রমিক লীগের একাংশ টার্মিনালের দখল নিয়ে আফতাবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ওই এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। বরিশাল বিমানবন্দর থানা সূত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন দ্রুত বিচার আইনে একটি এবং উপপরিদর্শক (এসআই) মুজাফফর আহম্মেদ পুলিশের ওপর হামলার অভিযোগে অপর মামলাটি করেন। দুটি মামলায় মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার সংঘর্ষের সময় আটক হওয়া সবাইকে দুটি মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, দুটি মামলায় জেলা শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে ৫০০ জন শ্রমিককে আসামি করা হয়েছে।বিভিন্ন সূত্র জানায়, মামলার খবর পেয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকেরা গা ঢাকা দিয়েছেন। এ কারণে গতকাল টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকে। শ্রমিক লীগের একপক্ষ মাইকিং করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেও কোনো শ্রমিক কাজে যোগ দেননি। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল ১০টার দিকে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক লীগের একাংশের শ্রমিকদের উদ্যোগে মিছিল-সমাবেশ হয়। পরে তাঁরা বাস টার্মিনাল দখলে নিয়ে আফতাব হোসেনকে টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেন। শ্রমিকনেতা আফতাব হোসেন অভিযোগ করেন, মেয়র হিরন টার্মিনাল এলাকা পুলিশ-র্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ থেকে বহিষ্কৃৃত নেতা-কর্মীদের দিয়ে দখল করে নিয়েছেন। তাঁর অভিযোগ একদিকে শ্রমিকদের মারধর ও গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে কাজে যোগ দিতে মাইকিং করা হচ্ছে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।মেয়র হিরন গত মঙ্গলবারের সংঘর্ষের জন্য আফতাব হোসেনকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমরা তুচ্ছ ঘটনায় সদস্যদের দল থেকে বহিষ্কার করি। অথচ তাঁর (আফতাবের) মতো সন্ত্রাসীকে বহিষ্কার করা যাচ্ছে না। আফতাবের কারণে আগামীতে বরিশাল সিটি করপোরেশন ও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হারার সম্ভাবনা রয়েছে।’প্রসঙ্গত, গতকাল পরিবেশ অধিদপ্তর নথুল্লাবাদ বাস টার্মিনাল-সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশদূষণকারী গাড়ি আটকসহ জরিমানা আদায় করে। এ সময় চালক ও চালকের সহকারীদের কান ধরে ওঠবস করানোর অভিযোগে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকেরা মিছিল বের করলে পুলিশ ও র্যাব বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হন।