দুই মামলায় সাংসদ লতিফকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় করা দুটি মামলায় আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ অব্যাহতি পেয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম আল ইমরান পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।
সাংসদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সাইফুদ্দিন আহমেদ এই আদেশের বিরুদ্ধে আগামী রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি গত বছরের ৪ ফেব্রুয়ারি মানহানি এবং ৯ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে সাংসদ লতিফের বিরুদ্ধে ওই দুটি মামলা করেন।
আদালত সূত্র জানায়, তথ্যপ্রযুক্তি আইনের মামলাটি সিআইডির পুলিশ পরিদর্শক এবং মানহানির মামলাটি নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার তদন্ত করেন। গত মাসে উভয় মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার অভিযোগ পুলিশি তদন্তে অস্বীকার করা হয়নি। অর্থাৎ, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির বিষয়টি স্বীকার করা হলেও প্রমাণের অভাবে আসামি শনাক্ত করা হয়নি বলে পুলিশের তদন্তে বলা হয়। তাই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি এই আদেশের বিরুদ্ধে রোববার মহানগর দায়রা জজ আদালতে আপিল করব।’
সাইফুদ্দিনের আইনজীবী মোসলেউদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, নগর গোয়েন্দা ও সিআইডি পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের পুরো চিত্র তুলে ধরা হয়েছে। তবে প্রতিবেদনের শেষের দিকে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি—এই বক্তব্য জুড়ে দেওয়া হয়।
গত বছরের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন উপলক্ষে নগরের পতেঙ্গা-হালিশহর আসনের সাংসদ এম এ লতিফ বিমানবন্দর সড়ক ও আগ্রাবাদে ব্যানার-ফেস্টুন টাঙানোর ব্যবস্থা করেছিলেন। এসব ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়।