দুই মামলায় সাঈদীর জামিনের আবেদন
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরে তাঁর বিরুদ্ধে করা দুটি মামলায় জামিনের আবেদন করেছেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়া হয়।গতকাল বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হলে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম জামিনের আবেদন জমা দেওয়ার বিষয়টি জানান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি কি একজন দণ্ডাদেশপ্রাপ্ত আসামির জন্য জামিন চাইছেন?’ মিজানুল বলেন, ২০০৯ সালে পিরোজপুর সদর ও জিয়ানগর থানায় সাঈদীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। ওই মামলা দুটি ট্রাইব্যুনালের বিচারিক আওতায় পড়ে উল্লেখ করে তা তদন্তের জন্য মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থায় পাঠানো হয়। কিন্তু ওই দুটি মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এ জন্য ওই দুই মামলায় সাঈদীর জামিনের আবেদন জানানো হয়েছে।