দুই মাস আটকে রেখে স্কুলছাত্রীকে নির্যাতন!
বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের বধুঠাকুরানী গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মেয়েটিকে বিয়ে করার নামে দুই মাস আটকে রেখে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার মেয়েটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।মেয়েটি গতকাল বুধবার থানায় বসে সাংবাদিকদের জানায়, সে বরগুনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী (১৪)। মেয়েটি নানার বাড়িতে থেকে স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসায় যাওয়া-আসার পথে লতাবাড়িয়া গ্রামের তরুণ ফিরোজ তাকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। বিষয়টি সে তার নানাকে জানালে বখাটেপনার হাত থেকে রক্ষায় তাকে এ বছর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হয়। এতেও শেষ রক্ষা হয়নি। মে মাসের শেষদিকে সে বিদ্যালয় থেকে ফেরার পথে ফিরোজ তাকে জোর করে তাঁদের বাড়িতে ধরে নিয়ে যান। এদিনই তাকে বিয়ে করার নামে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালানো হয়। এতে রাজি না হলে বেদম মারধর করা হয়। এভাবে দুই মাস তার ওপর নির্যাতন চালানো হয়। বিষয়টি তার নানার বাড়ির লোকজন জানলেও ফিরোজ ও তাঁর পরিবারের ভয়ে এ নিয়ে বাড়াবাড়ি করেনি।মেয়েটি জানায়, সে ফিরোজের বাড়ি থেকে একাধিকবার পালিয়ে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়। ধরা পড়ার পর ফিরোজ তার মুখে কাপড় গুঁজে পদদলিত ও বেদম মারধর করতেন। এতে সে আরও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরে চলতে থাকে তার ওপর নির্যাতন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি লোকমুখে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রামপুলিশ আ. বারেক ও আইউব আলী মঙ্গলবার বিকেলে ফিরোজদের বাড়িতে যান এবং মেয়েটির সঙ্গে কথা বলেন। এ সময় মেয়েটি সব ঘটনা তাঁদের কাছে খুলে বলে এবং তাকে বাঁচাতে আকুতি জানায়। পরে দুই গ্রামপুলিশ মেয়েটিকে উদ্ধার ও ফিরোজকে আটক করে বরগুনা থানায় নিয়ে আসেন।ফিরোজ জানান, তিনি মেয়েটিকে বিয়ে করেছেন। কোনো কাবিন রেজিস্ট্রি করেননি। মেয়েটিকে জোর করে আটকে রাখা ও নির্যাতন করার বিষয়ে প্রশ্ন করলে ফিরোজ নিশ্চুপ থাকেন।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ফকির বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফিরোজ ও তাঁর মা-বাবাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ফিরোজকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটিকে রাখা হয়েছে পুলিশ হোফাজতে।