দুই মাস কর্মস্থলে যান না চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর-নোয়াগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কিশোর কুমার সাহা দুই মাস ধরে কর্মস্থলে যান না। অথচ প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত স্থানীয় একটি রোগনির্ণয় কেন্দ্রে তিনি রোগী দেখেন বলে অভিযোগ আছে।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কেন্দ্রে একমাত্র এমবিবিএস চিকিৎসক হিসেবে গত ৮ মার্চ যোগদান করেছেন কিশোর কুমার সাহা। এ ছাড়া কেন্দ্রে ফার্মাসিস্ট মাহমুদা খানম ও এমএলএসএস আবুল হোসেন কর্মরত আছেন। চিকিৎসা সহকারী এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার পদ দুটি শূন্য। নোয়াগ্রাম ইউনিয়নে কর্মরত পরিবারকল্যাণ পরিদর্শিকা নাজমা আরা সুলতানা প্রতি মঙ্গলবার এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে ওই কেন্দ্রে দেখা গেছে, চিকিৎসক ও ফার্মাসিস্ট নেই। বেশ কিছু রোগী সকাল থেকে চিকিৎসকের জন্য অপেক্ষা করছে। এমএলএসএস আবুল হোসেন বলেন, ‘শুনেছি, এখানে একজন এমবিবিএস ডাক্তারের পোস্টিং হয়েছে। কিন্তু এ পর্যন্ত তিনি এখানে আসেননি। তাঁকে চিনিও না।’ এলাকাবাসী জানান, ফার্মাসিস্ট মাহমুদা খানম মাঝেমধ্যে কেন্দ্রে আসেন। এ ছাড়া মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে কেন্দ্রটি বন্ধই থাকে। চিকিৎসক কিশোর কুমার সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এক দিন ওখানে গিয়েছিলাম। দেখি, স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ। তখন ফিরে আসি। তারপর আর যাইনি। সপ্তাহে এক দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি ডিউটি করি ও এক দিন একটি চেম্বারে বসি।’সকাল নয়টায় ছেলে সোহাগের (৮) চিকিৎসার জন্য এসেছেন বাবরা গ্রামের রাশেদা বেগম। তিনি বলেন, ‘বাচ্চাটার খুব জ্বর। তিন ঘণ্টা ধরে ডাক্তারের জন্য বসে আছি।’ চিকিৎসকের অপেক্ষায় তাঁর মতো বসে আছেন বাবরা গ্রামের সরোয়ার খোন্দকার, মর্জিনা বেগম, মরিচপাশা গ্রামের রেকসোনা খানম, বদরুল আলম, আমিরুননেছা, ধানাইড় গ্রামের আবে বেগমসহ অনেক রোগী। তাঁরা জানালেন, ফার্মাসিস্ট মাহমুদা খানম মাঝেমধ্যে আসেন, তাঁর কাছ থেকে তাঁরা ওষুধ নেন। ফার্মাসিস্ট মাহমুদা খানম বলেন, ‘আমি নিয়মিত কেন্দ্রে যাই, তবে মাঝেমধ্যে আসতে দেরি হয়ে যায়। আজও কেন্দ্রে আসতে দেরি হয়েছে।’ জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ‘এখানে কোনো চিকিৎসাসেবাই নেই। ইউনিয়নের প্রায় ২৪ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।’লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, ‘এর আগে কেউ আমাকে জানায়নি যে ওই চিকিৎসক স্বাস্থ্যকেন্দ্রে যান না। এখন জানলাম। এ ব্যাপার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’