রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার পরিকল্পনা করতে শহরের ছোট নূরপুর এলাকায় বাড়ি ভাড়া নেওয়া হয় হত্যাকাণ্ডের দুই মাস আগে। এরপর জঙ্গিরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে শহরের রাস্তাঘাট চিনত এবং কুনিওকে অনুসরণ করত।
গতকাল সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের শেষ দিনে মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী সাক্ষ্য গ্রহণে এসব কথা বলেন বলে এই মামলার সরকার পক্ষের বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানিয়েছেন।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই মামলার বিচারকাজ চলছে।
গতকাল সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত একটানা একজনের সাক্ষ্য গ্রহণ চলে। সাক্ষ্য গ্রহণ শেষে রথীশ চন্দ্র ভৌমিক সাংবাদিকদের জানান, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে প্রমাণিত হয়েছে, জেএমবির জঙ্গি সদস্য মাসুদ রানাসহ অন্যরা জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করেছেন। বিশেষ পিপি জানান, ৫৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হলো। ১৩ ফেব্রুয়ারি ৩৪২ ধারায় আসামি পরীক্ষা করার দিন ধার্য করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, গতকাল সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। এঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)। পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আবদুল কাদের জিলানী গত বছরের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। হত্যাকাণ্ডের ১৩ মাস ১২ দিন পর গত বছরের ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।