দুই মাস ধরে অচেতন বুয়েটের ছাত্র আরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্দেহভাজন হেফাজত কর্মীর’ হামলার শিকার হয়ে দুই মাস ধরে প্রায় অচেতন অবস্থায় আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আরিফ রায়হান ওরফে দ্বীপ। চোখের পাতা ছাড়া শরীরের আর কোনো অঙ্গই নাড়াতে পারেন না তিনি।গত ৯ এপ্রিল বুয়েটের নজরুল ইসলাম হলে আরিফের মাথায় ও পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আরিফ যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ১৭ এপ্রিল মেজবাহউদ্দীন নামে বুয়েটেরই আরেক ছাত্রকে গ্রেপ্তার করেছে। মেজবাহ বুয়েটের স্থাপত্য প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি এম রশীদ হলের ৩০১ নম্বর কক্ষে থাকতেন। মেজবাহ হেফাজতের সমর্থক বলে ডিবি কর্মকর্তারা দাবি করেছেন।ডিবির সহকারী কমিশনার হাসান মোস্তফা স্বপন বলেন, মেজবাহকে তিন দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি আদালতের নির্দেশে কারাগারে আছেন। ডিবি কর্মকর্তারা দাবি করেন, জিজ্ঞাসাবাদে মেজবাহ বলেছেন, গত ৬ এপ্রিল ঢাকায় হেফাজতের সমাবেশে আসা লোকজনকে খাবার সরবরাহ করায় একটি হলের মসজিদের ইমামকে মারধর করে পুলিশে দিয়েছিলেন আরিফ ও তাঁর বন্ধুরা। এ জন্যই তিনি আরিফের ওপর হামলা চালান।অচেতন আরিফ: ঘটনার পর থেকে দুই মাস অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরিফ। আরিফ রায়হানের বড় ভাই রিয়াজ মোর্শেদ বলেন, এক মাসের বেশি সময় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন আরিফ। তিন সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে বের করে স্কয়ার ফাউন্ডেশন কক্ষে রাখা হয়েছে। নাম ধরে ডাকলে কখনো কখনো চোখের পাতা নাড়েন। নলের মাধ্যমে তাঁকে খাবার আর ইনজেকশনের মাধ্যমে ওষুধ দেওয়া হচ্ছে।রিয়াজ আরও বলেন, ‘ও আমাকে বা আব্বু-আম্মুকে চিনতে পারছে কি না, তা-ই বুঝতে পারছি না।’আরিফ রায়হানের অবস্থা সম্পর্কে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁর চিকিৎসক পার্থ প্রতীম বিষ্ণু রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য গণমাধ্যমে দিতে অপারগতা প্রকাশ করেন।তবে বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আগের চেয়ে আরিফের অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখন ডাকলে চোখ খুলে সাড়া দিতে পারেন। তিনি আরও বলেন, চিকিৎসকেরা বলেছেন, অন্তত ছয় মাস তাঁর চিকিৎসার প্রয়োজন। এটা অনেক ব্যয়বহুল। তাঁর চিকিৎসার ব্যয়ভার এখন পর্যন্ত বুয়েট বহন করে আসছে।