দুই মাস ধরে অনবরত গ্যাস বেরোচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় তিতাসের ভূগর্ভস্থ পাইপ ফেটে দীর্ঘদিন ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। ওই স্থানে কোনো কারণে আগুন লেগে গেলে তা ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছে এলাকার লোকজন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই মাস আগে হঠাৎ বিকট শব্দে ওই এলাকার পানিনিষ্কাশনের নর্দমার নিচে গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তার পর থেকে একাধিকবার তিতাসের গাজীপুর কার্যালয়ে খবর দেওয়া হলেও তা মেরামতের ব্যবস্থা করা হয়নি। দিন দিন গ্যাস নির্গমনের মাত্রাও বাড়ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকার এক পাশে এপেক্স ফুটওয়্যার ও অপর পাশে ক্যামটেক্স নামে তৈরি পোশাক কারখানার সীমানাপ্রাচীর লাগোয়া স্থান দিয়ে বুদ্বুদ আকারে গ্যাস বের হচ্ছে। পানির ওপর থেকে গ্যাসের বুদ্বুদ প্রায় আধা ফুট উচ্চতায় উঠছে। ওই এলাকার বাসিন্দা রবিউল ইসলাম জানান, গ্যাসের চাপ কম থাকায় উপজেলার অনেক কারখানা চালানো যাচ্ছে না, তার ওপর এভাবে প্রতিদিন গ্যাস বের হতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। এ ছাড়া ওই স্থানের পাশে ১০-১২ জন নিম্ন-আয়ের মানুষের দোকান রয়েছে। হঠাৎ আগুন ধরে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে। সফিপুর বাজারের ব্যবসায়ী ফিরোজ আল মামুন জানান, শুধু ওই স্থানে নয়, বৃষ্টি হলে রাস্তার পাশে পানি জমে থাকা অবস্থায় প্রায় স্থানেই ছোট ছোট আকারে বুদ্বুদ করে গ্যাস বের হতে দেখা যায়। তাতে অনেকে দুষ্টুমি করে আগুনও জ্বালিয়ে দেয়।তিতাসের গাজীপুর কার্যালয়ের উপব্যবস্থাপক মোক্তার আহাম্মেদ জানান, ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। পানির নিচে ফুটো হওয়ায় মেরামতকাজ শুরু করতে দেরি হচ্ছে। এ ছাড়া ওই স্থান দিয়ে যে গ্যাস বের হচ্ছে, তা একটি বাড়িতে ব্যবহূত চুলার সমান। তিনি বলেন, একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সম্প্রতি জয়দেবপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত মাটি খুঁড়ে তার নিয়েছে। এ সময় গ্যাসের পাইপটি আঘাতপ্রাপ্ত হয়েছে।