দুই মাস ধরে ওষুধ নেই ৩০ কমিউনিটি ক্লিনিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ৩০টি কমিউনিটি ক্লিনিকে দুই মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নেই। দুস্থ রোগীরা ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে গ্রামীণ পর্যায়ে ওই কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপন করেছে সরকার। সেখান থেকে বিনা খরচে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় রোগীদের।
ক্লিনিকগুলোতে দায়িত্বে থাকা কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) অভিযোগ, দুই মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তবু সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ক্লিনিক খুলে হাত-পা গুটিয়ে বসে থাকতে হয় প্রভাইডারদের। এতে ওষুধ না পেয়ে গরিব রোগীরা উত্তেজিত হয়ে পড়ছেন।
গত বুধবার দুপুর ১২টায় উপজেলার আমরুলবাড়ী কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ক্লিনিকের সামনে ১০-১২ জন রোগী ওষুধ নিতে দাঁড়িয়ে আছেন। ক্লিনিকের দায়িত্বরত প্রভাইডার জিয়াছমিন আক্তার এ সময় কক্ষ থেকে বেরিয়ে তাঁদের উদ্দেশে বলেন, ‘সবাই বাড়ি চলে যান। এখানে ওষুধ নেই।’ এ সময় আমরুলবাড়ী গ্রামের জুলেখা বেগম (৩৫) ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘সরকার যদি ঔষধে না দেয়, তা হইলে ক্লিনিক খুলি থোন ক্যান?’
জিয়াছমিন আক্তার এই প্রতিবেদককে বলেন, ‘দুই মাস ধরে ওষুধ বরাদ্দ পাচ্ছি না। কিন্তু রোগীরা এটা বুঝতে চান না। অনেকে আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারপরও চুপচাপ বসে থাকি।’ তিনি বলেন, ওষুধ না থাকলেও সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ক্লিনিক খুলে বসে থাকতে হয়।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে খিয়ারপাড়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। ওই এলাকার গৃহবধূ শরিফা বেগম (৩০) অভিযোগ করেন, ‘ক্লিনিকটি প্রায় দিনই বন্ধ থাকে। কোনো দিন খোলা থাকলেও ওষুধ পাই না।’
সেখানে দাঁড়িয়েই রোগীর ওই অভিযোগ সম্পর্কে মুঠোফোনে কথা হলে ওই ক্লিনিকের সিএইচসিপি শফিকুর রহমান বলেন, ‘ক্লিনিক বন্ধ থাকার অভিযোগ সঠিক না। দুই মাস ধরে ওষুধ বরাদ্দ না পাওয়ায় রোগীদের ওষুধ দিতে পারছি না।’ সকাল সাড়ে ১০টায় ক্লিনিক তালাবদ্ধ থাকার বিষয়ে বলেন, ‘ক্লিনিকে বৈদ্যুতিক মিটারের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে এসেছি। যেতে একটু দেরি হচ্ছে। তাই তালাবদ্ধ।’
জোড়পুকুর কমিউনিটি ক্লিনিকেও ওষুধ পাওয়া যাচ্ছে না বলে ওই এলাকার লোকজন অভিযোগ করেছেন। এলাকার মোতালেব হোসেন (৪০) অভিযোগ করে বলেন, হাসানুর (সিএইচসিপি) ওষুধ না দিয়ে প্রতিদিন ঘোরাচ্ছেন। গৃহবধূ ছাবিনা বেগম (২৪) অভিযোগ করেন, ‘যে দিনেই এখানে ঔষধ নিতে আসি, সে দিনেই স্যারেরা কয় ঔষধ শ্যাষ হইছে, কাইল আইসেন।’ অভিযোগ সম্পর্কে সিএইচসিপি হাসানুজ্জামান বলেন, ক্লিনিকে ওষুধ না থাকলে দেব কী?
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০ ইউনিয়নে ওই ৩০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ না থাকার সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘অনেক আগেই ওষুধের চাহিদা পাঠানো হয়েছে। এখনো ওষুধ বরাদ্দ পাওয়া যায়নি।’ কবে পাওয়া যাবে—জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করা যায় দু-এক দিনের মধ্যে পাওয়া যাবে।’