দুই মাস ধরে কুনিওকে অনুসরণ করেছে জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দুই মাস আগে শহরের ছোট নূরপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল হত্যাকারীরা। এরপর জঙ্গিরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তাতে চড়ে শহরের রাস্তাঘাট চিনত এবং কুনিওকে অনুসরণ করত।


আজ সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের শেষ দিনে মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী সাক্ষ্য দেন। এ সময় তিনি আদালতকে এসব তথ্য জানান। আজ সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত তিনি সাক্ষ্য দেন।

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচার কাজ চলছে।

সাক্ষ্য গ্রহণ শেষে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক সাংবাদিকদের জানান, ৫৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হলো। ১৩ ফেব্রুয়ারি ৩৪২ ধারায় আসামিকে জেরার দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্র জানায়, আজ সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত সাত আসামির মধ্যে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলি এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।

পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।

এই মামলার অন্য দুই আসামির মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরী এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) অভিযোগ গঠনের আগেই রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হন। আরেক অভিযুক্ত কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ২০১৬ সালের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন অব বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। হত্যার ১৩ মাস ১২ দিন পর ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।