
ত্রুটিপূর্ণ সুয়ারেজ লাইন নির্মাণের কারণে রাজধানীর খিলগাঁওয়ের মৌলভীরটেক থেকে নতুনবাগ এলাকা দুই মাস ধরে জলাবদ্ধ রয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, তাঁরা সিটি করপোরেশন, ওয়াসা ও স্থানীয় সাংসদকে বারবার বলেও সুরাহা পাননি। ঢাকা সিটি করপোরেশন বলছে, জলাবদ্ধতা দূর করা ঢাকা ওয়াসার কাজ। আর ওয়াসা বলছে, তারা এ সমস্যা সম্পর্কে জানেই না।
গতকাল মঙ্গলবার মৌলভীরটেক থেকে নতুনবাগ এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ রাস্তায় হাঁটুপানি, বাতাসে ময়লা পানির দুর্গন্ধ। জলাবদ্ধ রাস্তাগুলোতে একপাশে বালুর বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে। সেই বস্তার ওপর কয়েকটি বাঁশ দিয়ে সাঁকোর মতো করে তৈরি করা হয়েছে। হাঁটাচলা করার জন্য এলাকার নিচতলার বাড়িগুলোতে যাওয়ার পথেও বালুর বস্তা ও ইট বিছানো। রাস্তায় বালুর বস্তা ও সাঁকো তৈরির কারণে রিকশা চলাচল বন্ধ। জলাবদ্ধ থাকায় রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। এলাকাগুলোতে মশার প্রকোপও অনেক বেড়েছে।
মৌলভীরটেকের গৃহিণী লুৎফা বেগম নিচতলায় ভাড়া থাকেন। দুই মাস আগে এলাকায় জলাবদ্ধতা শুরু হলে বিপাকে পড়েন তিনি। বর্ষায় তো ঘরে পানিই ঢোকে। গলিতে বড় বড় বালুর বস্তা বিছিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে ময়লা পানি মাড়াতে হচ্ছে। ছোট ছেলেমেয়েরা ময়লা পানিতে খেলে। তাই তাদের নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় গিয়েছিলেন। আবার ফিরে এসেছেন।
স্থানীয় আরেকজন রুবি আহমেদ। সাঁকোর ওপর দিয়ে ছোট ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন। তিনি জানালেন, জলাবদ্ধতার পর থেকে এই এলাকার রাস্তা দিয়ে রিকশা চলে না। তাঁর বাড়ি থেকে ছেলের স্কুলে হেঁটে যেতে প্রায় ২০ মিনিট লাগে। তিনি বলেন, ‘সারা দিন মশার কামড়ে টেকা দায়। সন্ধা হলে বাসায় মশার হাট বসে। অবস্থা দেখে মনে হয় যে দেশে কোনো সরকার নাই।’
স্থানীয় ব্যক্তিরা জানান, এই এলাকা ঢাকা সিটি করপোরেশন উত্তরের ৩ নম্বর জোনের অধীনে। দুই মাস আগে সিটি করপোরেশন সিপাহীবাগ থেকে হাজীপাড়া এলাকা দিয়ে একটি সুয়ারেজ লাইন নির্মাণ করে। তবে তা অনেক উঁচুভাবে নির্মাণ করায় মৌলভীরটেক, নতুনবাগ, রিয়াজবাগ ও তালতলা এলাকার জমে থাকা পানি প্রাবাহিত হয়ে ওই ড্রেনে যেতে পারে না। আগে এই এলাকার একটি বড় অংশের পানি জমা হতো নতুনবাগ ঝিলে। কিন্তু দুই সিটি করপোরেশন আলাদা হওয়ার পর থেকে এই ঝিল আর পরিষ্কার করা হয়নি। এটি ময়লা-আবর্জনায় ভরে গেছে। তাই এখানেও পানি জমতে পারে না। এতেই জলাবদ্ধ হয়ে যায় এই এলাকা।
জলাবদ্ধতার কারণে এলাকার মসজিদে নামাজ পড়তে মুসল্লিদের কষ্ট হয় বলে এলাকাবাসীর পক্ষে মৌলভীরটেক জামে মসজিদ কমিটি ঢাকা সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও স্থানীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহকে কয়েক দফা চিঠি দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
মসজিদের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘এলাকায় অনেক বয়স্ক মানুষ জলাবদ্ধতার কারণে মসজিদে আসতে পারেন না। আমরা সিটি করপোরেশন ও ওয়াসাকে জানিয়েছি, তাঁরা ব্যবস্থা নেয়নি।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশন উত্তরের ৩ নম্বর জোনের নির্বাহী প্রকৌশলী মো. শরীফ উদ্দীন বলেন, ‘আমরা ওই এলাকার সমস্যা সম্পর্কে শুনেছি। জলাবদ্ধতা দূর করার দায়িত্ব ঢাকা ওয়াসার। সিটি করপোরেশন এখানে কোনো ব্যবস্থা নিতে পারে না।’
জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান প্রথম আলোকে বলেন, তিনি ওই সব এলাকার জলাবদ্ধতার সমস্যা সম্পর্কে জানেন না। জেনে ব্যবস্থা নেবেন।