দুই মাস ধরে পরিবহন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ, হরতাল আর ছাত্র ধর্মঘটের কারণে দুই মাস ধরে বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থা। এর মধ্যে এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হচ্ছে, প্রশাসনিক কার্যক্রমও চলছে। কিন্তু বাস না চলায় ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পেট্রলবোমা হামলার আশঙ্কা থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চালানো সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর। এরপর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বিরোধী জোটের হরতালের কারণে বাস চলাচল বন্ধ থাকে। ১ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত শীতের ছুটি ছিল। পরে ১২ জানুয়ারি ক্যাম্পাস খুলে দেওয়া হলেও টানা অবরোধে বাস আর চলেনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অবরোধ আর হরতালের কারণে পুরো জানুয়ারি মাসে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত না হলেও গত ৩ ফেব্রুয়ারি থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এর কয়েক দিন পর থেকে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও ক্লাস শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের পরীক্ষা নিচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলো। তবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা ক্লাসে যাচ্ছেন না।
রাজশাহী নগরের রানীবাজারের বাসিন্দা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ডলি সাহার বলেন, ‘এখন তো প্রতিদিনই ক্লাস হচ্ছে। ক্যাম্পাসের বাস না চলার কারণে রিকশা, অটোরিকশায় এসেই ক্লাস করছি। বাস চলাচল করলে অনেক সুবিধা হয়।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, ক্যাম্পাসের বাইরে রাস্তায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চালানো সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে যদি পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে, তাহলে তার দায় কে নেবে। তবে এ বিষয়ে কী করা যায় তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তাভাবনা করছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান বলেন, ‘প্রতিদিনই কোথাও না কোথাও বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটছে। এখন বিশ্ববিদ্যালয়ের বাস চলতে গিয়ে যদি ক্ষয়ক্ষতির শিকার হয়, তবে তার দায় কে নেবে? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হরতাল-অবরোধ পরিস্থিতি স্বাভাবিক না হলে বাস চলাচল করবে না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এখন বাস চলাচলের অনুমতি দিলে যদি তাতে হামলার ঘটনা ঘটে তবে সেটি এখনকার পরিস্থিতির জন্য ক্ষতিকর হবে। তবে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা গেলে বাস চলাচলের অনুমতি দেওয়া হবে।