দুই মাস ধরে বিকল বিদ্যুৎ লাইন, গ্রাহকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতির মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী-বড়লেখা ২৯ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি বিকল্প বিদ্যুৎ লাইন দুই মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। নিম্নমানের পিন ইনসুলেটর (বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে যুক্ত সিরামিকের তৈরি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ) ব্যবহারের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে ৪০ হাজার গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুলাউড়া উপজেলা সদরের চাতলগাঁও এলাকায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উপকেন্দ্র থেকে টানা ৩৩ কিলোভোল্টের (কেভি) কুলাউড়া-জুড়ী-বড়লেখা ফিডার লাইনের মাধ্যমে জুড়ী ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
জুড়ী ও বড়লেখায় বিউবো ও পবিসের গ্রাহকের সংখ্যা প্রায় ৪০ হাজার। কিন্তু ওই ফিডার লাইনটি বেশ পুরোনো। লাইনটির তারের বিদ্যুৎ ধারণক্ষমতা নষ্ট হয়ে গেছে। জং ধরে গোড়া নষ্ট হয়ে যাওয়ায় স্টিলের খুঁটিগুলো কাত হয়ে পড়ে আছে।
পবিস বড়লেখা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নীল মাধব বণিক জানান, বর্ষা মৌসুমে ঝোড়ো বাতাসে প্রায়ই খুঁটি পড়ে তার ছিঁড়ে যায়।
তখন দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দুর্যোগকালীন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে গত মে মাসে বিউবোর কুলাউড়া উপকেন্দ্র থেকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের এক পাশ দিয়ে বড়লেখার পানিধার এলাকায় অবস্থিত পবিসের উপকেন্দ্র পর্যন্ত বিকল্প বিদ্যুৎ লাইন স্থাপন করে পবিস।
পবিস সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে রুহুল আমিন নামের কুমিল্লার একজন ঠিকাদার নতুন লাইন স্থাপনের কাজটি পান।
তবে লাইনটি স্থাপনের কাজে ব্যবহৃত পাকা খুঁটি, তার, পিন ইনসুলেটরসহ অন্যান্য মালামাল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ঢাকার প্রধান পণ্যাগার থেকে সরবরাহ করা হয়। মে মাসের শেষের দিকে পরীক্ষামূলকভাবে লাইনটি চালু করা হয়। এর দুই দিন পরই লাইনটি বিকল হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে পবিসের বড়লেখা কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পিন ইনসুলেটরগুলো ঢাকায় অবস্থিত আরইবির প্রধান দপ্তর থেকে কেনা হয়েছে। সেগুলো নিম্নমানের। এ কারণে বিদ্যুৎ ধারণক্ষমতা কম হওয়ায় এগুলো নষ্ট হয়ে গেছে।
বিকল্প লাইনটি দেখাশোনার দায়িত্বে থাকা আরইবির শ্রীমঙ্গল কার্যালয়ের প্রকল্প প্রকৌশলী আতিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কুলাউড়া-জুড়ী-বড়লেখা নতুন বিদ্যুৎ লাইনে মোট ৫০২টি খুঁটি আছে। প্রত্যেকটি খুঁটিতে তিনটি করে পিন ইনসুলেটর স্থাপন করা হয়।
ক্ষতিগ্রস্ত পিন ইনসুলেটরগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এ কাজে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে। ওই কাজ সম্পন্ন হলে আবার লাইনটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
তিনি আরও জানান, বিদ্যুৎ লাইন বিকল হয়ে পড়ার কারণ অনুসন্ধানে আরইবির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি।