দুই মাস ধরে বিচারক নেই
সুনামগঞ্জের ধরমপাশায় জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দুই মাস ধরে হাকিমের পদটি শূন্য রয়েছে। এতে বিচারপ্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ জুন জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুদীপ্ত দাস ধরমপাশা থেকে অন্যত্র বদলি হন। সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মুসলেহ উদ্দিনকে এ আদালতের কাজ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি এক দিনের জন্যও ধরমপাশায় আসেননি। সুনামগঞ্জে থেকে সপ্তাহে এক দিন এ আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে ধরমপাশা আদালতে মামলা-মোকদ্দমা না হওয়ায় বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া হাজতি ও গ্রেপ্তার হওয়া আসামিদের জামিন নিতে সাত-আট ঘন্টা পথ পাড়ি দিয়ে সুনামগঞ্জ জেলা সদরে যেতে হচ্ছে। আদালতের আইনজীবী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, হাকিম না থাকায় এ আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানকার লোকজন সুনামগঞ্জে যাতায়াতের বিড়ম্বনার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতির শিকার হচ্ছেন।