দুই মাস ধরে বৃদ্ধ নিখোঁজ
জমি বিক্রি করতে গিয়ে দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরমোন্তাজ গ্রামের কৃষক রেয়াজ উদ্দিন পেয়াদা (৭০)। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, জমি ও অর্থ আত্মসাৎ করার জন্য তাঁদের জমির ক্রেতা মাসুদ কৃষক রেয়াজ উদ্দিনকে অপহরণ করে কোথাও আটকে রেখেছেন।এ ঘটনায় অপহূত রেয়াজ উদ্দিনের ছেলে মো. জালাল পেয়াদা ২ আগস্ট গলাচিপা বিচারিক হাকিম আদালতে নলুয়াবাগী গ্রামের মো. মাসুদসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, রেয়াজ উদ্দিন পেয়াদা গত ১২ জুন শনিবার গলাচিপা উপজেলার চরমোন্তাজ গ্রামের বাড়ি থেকে জমি বিক্রির দলিল করতে গলাচিপা উপজেলা সদরে যান। ওই জমি নলুয়াবাগী গ্রামের মাসুদদের কাছে বিক্রি করার কথা ছিল। কিন্তু জমি বিক্রির সম্পূর্ণ টাকা হাতে না পাওয়ায় দলিল রেজিস্ট্রি না করে তিনি নলুয়াবাগী গ্রামে তাঁদের পুরোনো বাড়িতে চলে যান। সেখান থেকে ১৬ জুন রেয়াজ উদ্দিন তাঁর ছেলে জালালকে মুঠোফোনে দলিল রেজিস্ট্রি না করার খবর জানান। এর পর থেকে তাঁর (রেয়াজ উদ্দিনের) আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।