দুই মাস ধরে লক্ষাধিক পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস (মে-জুন) ধরে ভোলার লক্ষাধিক পরিবার কাদাপানিতে মানবেতর জীবন যাপন করছে। গত বছর বর্ষায় ক্ষতিগ্রস্ত ৩৫ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ মাটির বাঁধ সংস্কার হয়নি। ঘূর্ণিঝড় মহাসেনের পর থেকে ওই বাঁধের ক্ষতি আরও বেড়ে ৪২ কিলোমিটারে দাঁড়িয়েছে। জোয়ারভাসী মানুষের অভিযোগ, তাদের চলমান দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডই (পাউবো) দায়ী।সরেজমিনে দেখা যায়, ভোলা সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা, ধনীয়া-শিবপুর ইউনিয়ন; দৌলতখানের মদনপুর, হাজীপুর, ভবানীপুর, সৈয়দপুর ইউনিয়ন; বোরহানউদ্দিনের বড় মানিকা, পক্ষিয়া ও হাসান নগর ইউনিয়ন; তজুমদ্দিনের চাঁদপুর, সোনারপুর, মলংচড়া, সম্ভুপুর, চাচড়া ইউনিয়ন; লালমোহনের ধলীগৌরনগর, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন; চরফ্যাশনের চর মাদ্রাজ, মুজিবনগর, আসলামপুর, নজরুলনগর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার মনপুরা, হাজীরহাট, উত্তর-দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে গত মে মাস থেকে জোয়ারের সময় পানি ঢুকে বিস্তৃত অঞ্চল প্লাবিত হচ্ছে। জোয়ারের সময় সাত উপজেলার ৫৬টি গ্রামের লক্ষাধিক পরিবার প্রতিদিন রাতে ও দিনে দুবার ১০ ঘণ্টা পানিতে ডুবে থাকে। ধনীয়া তুলাতুলি এলাকার নিজামউদ্দিন গোলদারসহ এসব এলাকার একাধিক বানভাসীর ভাষ্য, পাউবোকে কখনোই শুকনো মৌসুমে বাঁধ নির্মাণ করতে দেখা যায় না। তারা বর্ষা এলেই বাঁধ নির্মাণের জন্য ব্যস্ত হয়ে পড়ে। ভোলা পাউবোর (ডিভিশন-১) নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে ভোলা সদর ও বোরহানউদ্দিনের ১০ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কোনো ঠিকাদার দরপত্রে অংশই নেননি। আর ভোলা সদর উপজেলায় ঠিকাদার কাজ বুঝে নিয়েও করছেন না। কাজ না করার কারণ তিনটি। এক. বাকিতে কাজ করতে হবে। দুই. বিগত দিনের বকেয়া পরিশোধ হচ্ছে না। তিন. বাঁধ নির্মাণ করতে গেলে জনগণ বিনা টাকায় জমি দিতে চাইছে না। এ জন্য ঠিকাদার বাকিতে কাজ করতে চান না। এখানে আমাদের দোষ দিয়ে লাভ নেই।’দশমিনার চার গ্রাম প্লাবিত: পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের চারটি গ্রাম এখন পানিতে থইথই করছে। জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে বুড়াগৌরাঙ্গ নদীপারের সৈয়দ জাফর গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়ছে। এতে প্লাবিত হচ্ছে ইউনিয়নের সৈয়দ জাফরসহ কাটাখালী, রানীপুর ও আরজবেগী—এই চারটি গ্রামের অধিকাংশ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের সহস্রাধিক মানুষ। এদিকে জোয়ারের পানিতে ডুবে আছে চার গ্রামের অন্তত ৬০০ হেক্টর ফসলি জমি।দশমিনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাই সিকদার বলেন, ওই চার গ্রামের মানুষ এখন দুর্যোগের মধ্যে পড়েছে।