দুই মাস ধরে হাওয়া সিলেটের ডিএফও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের তোপখানা এলাকায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. দেলোয়ার হোসেনের কার্যালয়। গত রোববার বেলা ১১টায় তাঁর দপ্তরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মূল দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।
ডিএফও কোথায়—জানতে চাওয়ায় তিনি ‘বাইরে’ বলে জানান বন বিভাগে কর্মরত অন্য কর্মকর্তারা। ‘ফিরবেন কখন’—এ প্রশ্নেরও কেউ কোনো উত্তর দেননি। ‘ঠিক নাই’ বলে এড়িয়ে যান দপ্তরসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরের দিন সোম ও গতকাল মঙ্গলবারও যথাক্রমে সকাল ১০টা ও দুপুর সাড়ে ১২টায় ডিএফওর দপ্তরে গিয়ে একই চিত্র দেখা গেল। এ অবস্থায় বন বিভাগে খোঁজ নিয়ে জানা গেল, ডিএফও প্রায় দুই মাস ধরে দপ্তরে বসছেন না। কারণ দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা এবং পরবর্তী সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ার পর থেকে দপ্তরে বসছেন না তিনি।
ডিএফওর দপ্তর-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুলাই থেকে দেলোয়ার হোসেন দপ্তরে বসছেন না। তাঁর বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগপত্র ২৮ জুলাই সিলেটের আদালতে দাখিল করা হয়। অভিযোগপত্রে ৬৭ লাখ ৯৭ হাজার ৫৯ টাকার তথ্য গোপন এবং নিজেসহ পরিবারের সদস্যদের নামে ১৪ লাখ ২২ হাজার ৩৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।
দুদক সিলেটের উপপরিচালক মোজাহার আলী সরকার গত বছরের ৩০ জুন মামলাটি করেন। প্রায় এক বছর তদন্ত করে ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন তিনি।
ডিএফওর অনুপস্থিতিতে কীভাবে দপ্তরের কাজ চলছে, জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, জরুরি কাজগুলো তাঁর সঙ্গে ফোনে আলাপ করে সারা হচ্ছে। আর বাকি কাজ তাঁর অধীন কর্মকর্তা-কর্মচারীরাই করছেন।
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সহকারী বনসংরক্ষক রাজেশ চাকমা দুদকের মামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। এমনকি ডিএফওর দপ্তরে বসা না-বসা নিয়েও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ডিএফও ‘শ্রীমঙ্গল আছেন’ বলে তিনি জানান।