দুই মাস না যেতেই রাস্তায় গর্ত-ফাটল
সংস্কারকাজ শেষ হওয়ার পর দুই মাস পার না হতেই নড়াইল-কালিয়া-বারইপাড়া সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় ফাটল ধরেছে এবং কোনো কোনো স্থান দেবে গেছে।
নড়াইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, ঠিকাদার নড়াইল-কালিয়া-বারইপাড়া ২৫ কিলোমিটার সড়কে বিটুমিনের আস্তরণের (পিচ ঢালাই) কাজ করেছেন। বর্ষা মৌসুমে কাজ করায় কিছু স্থানে সমস্যা হতে পারে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারকে এসব সমস্যা সমাধানের জন্য বলা হয়েছে। তিনি দাবি করেন, ঠিকাদার ইতিমধ্যে সংস্কারকাজ শুরু করেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আবদুল খালেক জানান, কিছু জায়গায় রাস্তা মেরামত করা হয়েছে। আরও কিছু জায়গায় সমস্যা রয়েছে। সেগুলো দ্রুত ঠিক করে দেওয়া হবে।
নড়াইল সওজ বিভাগ সূত্র জানায়, চলতি বছরের জুন-জুলাই মাসে ১২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নড়াইল-কালিয়া-বারইপাড়া সড়কে পিচ ঢালাই কাজ করা হয়। পাবনার মেসার্স শফিক ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করে।
এলাকাবাসীর অভিযোগ, সংস্কারকাজ করার সময় দরপত্র মোতাবেক নির্দিষ্ট পরিমাণ পাথর ও ম্যাকাডম মিশ্রিত না করেই পিচঢালাই দেওয়া হয়। নুড়ি পাথর মিশ্রিত নিম্নমানের সিঙ্গেল পাথর, বালু ও বিটুমিন ব্যবহার করা হয়। বিটুমিন পরিমাণেও কম দেওয়া হয়। এ কারণে ১৭ জুন এলাকার মানুষ কাজ বন্ধ করে দেয় এবং একই অভিযোগে ৮ জুলাই নির্মাণকাজের কয়েকজন শ্রমিক লাঞ্ছিত হন।
বনগ্রামের কলেজছাত্র শফিকুর রহমান বলেন, রাস্তার কাজ করার সময় ঠিকাদার ঠিকমতো পাথর দেননি। চাচুড়ি বাজারের ব্যবসায়ী সাইফুর রহমান বলেন, রাস্তার দুপাশ ভেঙে গেলেও সেখানে মাটির কাজ না করেই ইট-পাথর মিশিয়ে পিচের কাজ করা হয়েছে। এখন সেখানে ভেঙে যাচ্ছে। অনেক জায়গায় পিচ উঠে ইট-পাথর বেরিয়ে পড়েছে।
নড়াইল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, এ রাস্তা এখনই সংস্কার করা না হলে কিছুদিন পর একেবারেই নষ্ট হয়ে যাবে।