দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গতকাল শুক্রবার থেকে উৎপাদন শুরু হয়েছে। সিং গ্যাস কম্প্রেশার মেরামতের পর কারখানা কর্তৃপক্ষ উৎপাদনে যেতে সক্ষম হয়।
কারখানা সূত্রে জানা গেছে, এ কারখানা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ডিলারের মাধ্যমে ইউরিয়া সার সরবরাহ করা হয়। গত বছর ৩১ অক্টোবর কারখানার সিং গ্যাস কম্প্রেশারের চতুর্থ ভাগের রোটার ক্ষতিগ্রস্ত হলে উৎপাদন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পরও প্রকৌশলীরা তা মেরামত করতে পারেননি। পরে ইতালি থেকে সিং গ্যাস কম্প্রেসার মেরামত করে আনার পর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়।
এর আগেও কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত বছরের ১৬ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল।
কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, পুরোদমে চললে দৈনিক শতকরা ৭০ ভাগ উৎপাদন সম্ভব হবে। কারখানায় প্রতিদিন গড়ে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হবে বলে তিনি জানান।