দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন
ফরিদপুরে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে সাগরী বেগম (১৯) নামের এক তরুণীর লাশ। দুই মাস পর গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের কবরস্থান থেকে তাঁর মৃতদেহ উত্তোলন করা হয়।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মেহেরুবা ইসলাম এবং ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার এসআই ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এসআই মো. ফরহাদ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে তরুণীর মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। এ প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় বাদী ওই তরুণীর মা শেফালী বেগম পুনরায় ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন জানান।
আদালত আবেদন মঞ্জুর করেন এবং লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের আদেশ দেন। গত ২৭ মে সকালে প্রতিবেশীরা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সাগরীর লাশ তাঁর বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।