কুমিল্লার চৌদ্দগ্রামে মৃত্যুর দুই মাস পর স্কুলছাত্রী লিমা আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার লাশটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লিমাকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে তার বাবা লোকমান হোসেন খন্দকার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা করার পর আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। গত ৩১ অক্টোবর লোকমান হোসেন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এই মামলা করেন।সূত্র জানায়, চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তিনপাড়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে লিমা আক্তার পাশের মুন্সিরহাট ইউনিয়নের মেষতলা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। সে মুন্সিরহাট তাহেরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।মামলায় অভিযোগ করা হয়, ২২ সেপ্টেম্বর লিমাকে হত্যার পর লাশ মাটিচাপা দেন ইউপি সদস্য তাজুল ইসলাম, তাঁর স্ত্রী মোমেনা খাতুন এবং ছেলে তারেক হোসেন ও মাসুদ।আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল দুপুরে চৌদ্দগ্রামের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এবং মামলার বাদীর উপস্থিতিতে চৌদ্দগ্রাম থানার পুলিশ মুন্সিরহাট ডিগ্রি কলেজসংলগ্ন দিঘিরপাড় কবরস্থান থেকে লিমার লাশ উত্তোলন করে।