দুই মাস পর কর্মস্থলে শিক্ষক শ্যামল কান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস পর নিজের কর্মস্থলে যোগ দিলেন নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তিনি আজ রোববার সকাল নয়টার দিকে বন্দর উপজেলার কল্যাণদি গ্রামের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে তাঁর কর্মস্থলে যান।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রমুখ।

স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন—এমন অভিযোগ তুলে গত ১৩ মে সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীকে স্কুলের মাঠে জড়ো হতে আহ্বান জানানো হয়। পরে একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে তাঁকে কান ধরে ওঠ-বস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

এ নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি তদন্ত করতে সরকারিভাবে কমিটি গঠন করা হয়। ১৯ মে সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। বিদ্যালয়ের ওই পরিচালনা কমিটি বাতিল করার আর শ্যামল কান্তিকে স্বপদে বহাল রাখার কথা জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: