দুই মাস পর দুর্ভোগ থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দীর্ঘ ৫৬ দিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ ও পানির সরবরাহ স্বাভাবিক হলো। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের বিকল হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার পুনঃস্থাপনের মাধ্যমে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে পানির সরবরাহের জন্য একমাত্র বৈদ্যুতিক পাম্পটি চলতি বছরের ৩০ মে নষ্ট হয়ে যায়। পরের দিন বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও পুড়ে বিকল হয়ে পড়ে। ফলে হাসপাতালে পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ট্রান্সফরমার পরিবর্তন ও পানির পাম্পটি মেরামতের জন্য কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীকে জানায়। এক সপ্তাহ পর পানির পাম্পটি মেরামত করা হলেও বিদ্যুৎ-সংযোগ না থাকায় তা চালু করা যায়নি। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। এ নিয়ে ১৩ জুলাই প্রথম আলোতে ‘পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স, পানি-বিদ্যুৎ নেই ৪২ দিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পি কে দাস বলেন, প্রায় দুই মাস ধরে বিদ্যুৎ ও পানি না থাকায় হাসপাতালের চিকিৎসক-কর্মচারী ও রোগীদের কষ্টের সীমা ছিল না। গতকাল ট্রান্সফরমারটি পুনঃস্থাপন করা হয়েছে। ফলে দুর্বিষহ যন্ত্রণা থেকে তাদের মুক্তি মিলল।