আদম ব্যাপারিদের প্রতারণায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ২০টি পরিবারের ২৭ যুবক সর্বস্বান্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন বনজঙ্গল পেরিয়ে পালিয়ে বাড়ি ফিরেছেন।ক্ষতিগ্রস্ত পরিবার ও আমঝুপি এলাকার বাসিন্দারা প্রতারকদের গ্রেপ্তার ও বিচার দাবি করে ৮ ডিসেম্বর মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা নিখোঁজ যুবকদের সন্ধান ও তাঁদের ফিরিয়ে আনতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।এ ঘটনায় আমঝুপি মীরপাড়া গ্রামের মাসুদ আলী গত ২৭ নভেম্বর ২৪ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সদর থানায় মামলা করেছেন। মামলায় গ্রামের ছয় আদম ব্যাবসায়ীকে আসামি করা হয়েছে। কিন্তু আসামিরা ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে। পুলিশের ভাষ্যমতে, আসামিরা আন্তদেশীয় মানব পাচারকারী দলের সদস্য।মামলা সূত্রে জানা যায়, আমঝুপির রফিক, সফিক, রতন, মনিসহ ছয়জন উচ্চ বেতনে নেপালে লোক পাঠানোর কথা প্রচার করে। এই প্রলোভনে পড়েন মাসুদ (৩০), সাইফুল (২৮), পলাশ (২৮), ধীরাজ (৩০), আলমগীর (৩২), জুয়েল (৩০), সুলতান (২৮), সেলিম (২৬), জহির (৩২), আপ্তাব আলী (৩০), আশরাফুল (২৫), আবদুল মজিদসহ (৩২) এলাকার ২৭ যুবক। তাঁরা আদম ব্যবসায়ীদের ৯০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত দেন।নেপাল-ফেরত সেলিম জানান, গত ১২ সেপ্টেম্বর প্রতারক চক্রটি তাঁদের দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন এলাকা ঘুরিয়ে নেপালের কাঠমান্ডুতে নিয়ে যায়। কাঠমান্ডুর কাকুরভিটায় কয়েকটি ঘরে টানা পাঁচ দিন তাঁদের আটক রেখে নির্যাতন চালায়। খাবার হিসেবে তাঁদের আলু সিদ্ধ ও সামান্য ভাত দেওয়া হতো। এভাবে ১০ দিন থাকার পর তাঁদের বিহারের গণেশ চন্দ্রের কাছে বিক্রি করা হয়। গণেশ তাঁদের কাঠমান্ডুর একটি জঙ্গলে বিনা বেতনে ভবন তৈরির কাজে লাগায়। ১৭ নভেম্বর তাঁদের নেপালের রত্না পার্ক নামক স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একদল বিহারির হাতে তুলে দিলে তারাও একই আচরণ শুরু করে। পরে গোপনে তাঁরা ঝুঁকি নিয়ে পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে দেশে পৌঁছান।এই ব্যাপারে অভিযুক্ত রফিক ও সফিকের বাবা তাজুর হোসেন জানান, তাঁর ছেলেরা দোষী হলে তিনিও তাদের বিচার চান। এই ঘটনার পর থেকে ছেলেরা কোথায় আছেন তা তাঁর জানা নেই। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, এই ঘটনায় থানায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে হানা দিচ্ছে। অভিযুক্ত ব্যক্তিরা আন্তদেশীয় মানব পাচারকারী দলের সদস্য। বিদেশে নিয়ে ভালো বেতনে চাকরি দেওয়ার নাম করে এরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এদের খপ্পরে পড়ে এলাকার অর্ধশত যুবক সর্বস্বান্ত হয়েছে।