দুই মাস পর ফিরলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র
তুলে নেওয়ার প্রায় দুই মাস পর পরিবারের কাছে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদিকুল ইসলাম। গতকাল সোমবার সকালে তিনি গাজীপুরে বোনের বাসায় ফেরেন। তবে কে বা কারা তাঁকে অপহরণ করে আটকে রেখেছিল, তা এখনো স্পষ্ট নয়।
পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদিকুল ইসলামকে গত ২৩ মে রাতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার ৫ নম্বর সড়কের ভাড়াবাড়ি থেকে একদল লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। এ বিষয়ে ২৫ মে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরে অপহরণের অভিযোগে একটি মামলাও হয়। সাদিকুলের সন্ধান চেয়ে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ‘ওই ঘটনায় দায়ের হওয়া মামলাটি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে। তবে ছেলেটি ফিরেছেন বলে আমরা জানতে পেরেছি।’
যোগাযোগ করা হলে ডিবির (পশ্চিম) এডিসি গোলাম মোস্তফা বলেন, সাদিকুলের সঙ্গে ফোনে কথা হয়েছে। তবে এখনো তাঁর সঙ্গে সশরীরে দেখা হয়নি।
সাদিকুলের স্বজনেরা জানান, গত রোববার বান্দরবানের রুমা উপজেলার বাসস্ট্যান্ডে চোখ ও হাত বাঁধা অবস্থায় সাদিকুলকে নামিয়ে দেওয়া হয়। এক পথচারীর সাহায্যে হাত ও চোখের বাঁধন খোলেন তিনি। পরে এক বন্ধুকে ফোন করে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা নিয়ে বাসের টিকিট কাটেন তিনি। গতকাল সকাল ছয়টার দিকে হানিফ পরিবহনের একটি বাসে যাত্রাবাড়ী নামেন। সেখান থেকে গাজীপুরে বোনের বাড়িতে যান।
সাদিকুলের সঙ্গে ফোনে কথা বলে জানা যায়, কে বা কারা তাঁকে দুই মাস আটকে রাখে, এ বিষয়ে তাঁর কোনো ধারণা নেই।