দুই মাস পর মিলল মায়ের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৪ বছর বয়সী জোহরা বেগমকে রমজানের আগে ঢাকার লঞ্চে তুলে দেন তাঁর ছেলের বউ হোসনে আরা। কিন্তু ভুল করে তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালের আগেই চাঁদপুরে নেমে যান। সেই থেকে জেলার হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় ছিলেন তিনি।
এই দুই মাস জোহরা বেগম আলীগঞ্জ এলাকায় ঘুরেফিরে কাটিয়েছেন। স্থানীয় কয়েকজন তাঁর খাওয়াদাওয়া ও থাকার ব্যবস্থা করেন। এ অবস্থায় স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম গত মঙ্গলবার জোহরা বেগমের ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি শেয়ার করেন অনেকে। তারপরও কোনো সাড়া না পাওয়ায় সাইফুল জোহরার কাছে তাঁর ঠিকানা জানতে চান। কিন্তু তিনি মেহেন্দিগঞ্জ, পালপাড়া ও গুলবাহার—তিনটি নাম ছাড়া আর কিছু বলতে পারেননি। এরপর বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার ওয়েবসাইটে ঢোকেন সাইফুল। কিন্তু সেখানে পালপাড়া নামে কোনো গ্রাম পাওয়া যায়নি। পরে হিজলা উপজেলার ওয়েবসাইটে ঢুকে পালপাড়ার খোঁজ পান তিনি।
পালপাড়া গ্রামটি হিজলা উপজেলার দুলখোলা ইউনিয়নে অবস্থিত। ওয়েবসাইট থেকে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে কথা বলেন সাংবাদিক সাইফুল। ইকবাল হোসেন ওই গ্রামের আক্তার হোসেন নামের এক ব্যক্তির ফোন নম্বর দেন। পরে তাঁর নম্বরে যোগাযোগ করে জোহরার পরিবারের সন্ধান পান সাইফুল। বুধবার বিকেলে ভিডিওকলের মাধ্যমে জোহরাকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলারও ব্যবস্থা করে দেওয়া হয়।
জোহরার একমাত্র ছেলে আমির হোসেন গতকাল বৃহস্পতিবার চাঁদপুর পৌঁছে মায়ের সাক্ষাৎ পান।