মৌলভীবাজারের চারটি উপজেলার বন্যাকবলিত ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় দুই মাস ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে প্রায় তিন হাজার শিক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জুন মাসের শেষ দিকে জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর ও কুশিয়ারা নদীতে পানি বাড়ে। ফলে বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলায় বন্যা দেখা দেয়। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যায়। ১৬০টি প্রাথমিক বিদ্যালয় ভবনে পানি ঢোকে। এসব বিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থীর পড়ালেখা বিঘ্নিত হয়। জুলাই মাসের মাঝামাঝি থেকে হাওরাঞ্চলে পানি কিছুটা কমতে শুরু করে। তুলনামূলক উঁচু বিদ্যালয় ভবনগুলো থেকে পানি নেমে গেলেও জেলার চারটি উপজেলার ১৪টি বিদ্যালয় ভবনে এখনো পানি আছে। প্রায় দুই মাস ধরে এই বিদ্যালয়গুলো পুরোপুরি বন্ধ। বিকল্প ব্যবস্থা না থাকায় বন্ধ রয়েছে এগুলোর শিক্ষা কার্যক্রম।
বন্ধ বিদ্যালয়গুলো হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের জুমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের কেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; কুলাউড়া উপজেলার উত্তর শসারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শসারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদে ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুড়ী উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
বন্যায় জেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে।
কিছু কিছু বিদ্যালয় ভবনে এখনো পানি থাকলেও বিকল্প হিসেবে আশপাশের বাড়িতে ক্লাস নিয়ে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। কিন্তু গ্রামীণ রাস্তাঘাটে পানি থাকায় অভিভাবক ছাড়া অনেক শিক্ষার্থীই এসব ক্লাসে আসতে পারছে না। কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নেরমদনগৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কৃষক লীগ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মো. আবদুল কাদির গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘দুই মাসের বেশি সময় ধরে আমাদের বিদ্যালয়ে পানি। ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসে নৌকা দিয়ে স্কুলের ভেতরে ঢুকে পানির অবস্থা দেখেছেন। আমরা বিকল্প স্থান হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু পানি থাকায় ছোট ছেলেমেয়ে অভিভাবক ছাড়া আসতে পারছে না।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের ১৬০টি বিদ্যালয়ে পানি উঠেছিল। বেশির ভাগ স্কুল থেকেই পানি নেমে গেছে। কোনোটিতে এখনো পানি থাকলেও বিকল্প ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু ১৪টি বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ আছে। এগুলোতে পরীক্ষা বন্ধ আছে। পরে পরীক্ষা নেওয়া হবে। এই স্কুলগুলো হাওরাঞ্চলের। ভবনগুলো আরও উঁচু করা উচিত ছিল। ভবন নির্মাণের সময় পানির সর্বোচ্চ পরিমাপ হিসাবেনেওয়া হয়নি। প্রতিটি বিদ্যালয়ের ক্ষতির বিবরণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।’