দুই মাস ভাতা না পেয়ে সংকটে দুস্থ মুক্তিযোদ্ধাদের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস ধরে ভাতার টাকা না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন ফরিদপুরের দুস্থ মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবারের সদস্যরা। এই ভাতা অনেক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মূল আয়ের উৎস হওয়ায় তাঁদের ভোগান্তি চরম আকার নিয়েছে।
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মনিরা বেগম (৪৮)। তাঁর স্বামী মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন পাঁচ বছর আগে মারা গেছেন। দুই মেয়ে, এক ছেলে, ছেলের বউ ও নাতি নিয়ে তাঁর সংসার। মনিরা বেগম বলেন, ‘আমার সংসার চলে ভাতার টাকায়। কিন্তু দুই মাস ধরে ভাতা বন্ধ হওয়ায় খুব কষ্টের মধ্যে আছি। আমি, আমার ছেলে অসুস্থ। ওষুধ কিনতে হয় প্রতিদিন। আমার সংসার চলে এই ভাতার ওপর, আর কোনো আয় নেই।’
একই ইউনিয়নের রসুলপুর গ্রামের মুক্তিযোদ্ধা আজগর আলী ফকিরের মেয়ে রেখা আক্তারী বলেন, ‘আমার বাবা ২০১১ সালে মারা যান। মা আর তিন বোন নিয়ে আমাদের সংসার। পরিবারের কোনো জমি নেই, নেই আয়ের অন্য কোনো উপায়। দুই মাস ধরে ভাতা বন্ধ হওয়ায় খুব কষ্টে থাকি।’
ফরিদপুর সদরের উত্তর চরমাধবদিয়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুর রহমান ব্যাপারী বলেন, তাঁর জানামতে ফরিদপুর সদরে অন্তত ৩০ জন মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন, যাঁদের সংসার চলে শুধু এই ভাতার টাকায়। তাই জরুরি ভিত্তিতে এই টাকা ছাড় করা প্রয়োজন।
সোনালী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন বলেন, এই ব্যাংক থেকে মোট ৩৮৭ জন মুক্তিযোদ্ধা বা তাঁর পরিবারের সদস্যদের ভাতা দেওয়া হয়। কিন্তু গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা না আসায় ভাতা দেওয়া সম্ভব হয়নি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, এ বছরের প্রথম তিন মাসের টাকার ছাড়পত্র দ্রুত প্রদান করা হবে।
ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘তিন মাসের আগেই মন্ত্রণালয় থেকে ভাতার টাকা চলে আসে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই বছরের প্রথম তিন মাসের টাকা ব্যাংকে জমা হয়। এ বছরই এর ব্যতিক্রম হতে দেখছি। গত রোববার পর্যন্ত এই টাকা মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়নি। অথচ টাকার জন্য মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।’