দুই মাস মাছ ধরা নিষিদ্ধ
চাঁদপুর ও ভোলার মেঘনা নদীতে গতকাল ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চাঁদপুরের মৎস্য কর্মকর্তা কাজী ইকবাল হোসেন জানান, ইলিশসম্পদ রক্ষায় এ দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ। যদি কেউ মাছ ধরেন বা জাল ফেলেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সেন্টার ফর নেচারাল রিসোর্স স্ট্যাডির (সিএনআরএস) চাঁদপুরের মাঠ সমন্বয়ক খান মো. মুজাহিদ ইবনে হাবিব জানান, দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলার ২৬ হাজার ৩৩৫ জন জেলেকে ৩০ কেজি করে চার মাস চাল দেওয়া হবে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ২০০ কিলোমিটার এলাকায় দুই মাসের জন্য সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তোফাজউদ্দিন জানান, মেঘনা নদীর দৌলতখান উপজেলার মদনপুর থেকে চর পিয়াল পর্যন্ত ৮০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১২০ কিলোমিটারে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় ভোলার সাত উপজেলার ৪০ হাজার ৩৭২টি জেলে পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। পরিবারপ্রতি চারবারে ১২০ কেজি করে চাল দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৪৫৩টি পরিবারকে নগদ দুই থেকে ১০ হাজার করে টাকা দেওয়া হবে।