চলতি ইলিশের মৌসুমে (শ্রাবণ-আশ্বিন) সুন্দরবনে দস্যুদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত দুই মাসে দস্যুরা কমপক্ষে ৯৫টি জেলেবহরে হামলা চালিয়ে লুটপাট করেছে। মুক্তিপণের দাবিতে তারা দুই শতাধিক জেলেকে অপহরণ করেছে। এতে লক্ষাধিক জেলে মাছ শিকার করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।বিভিন্ন সূত্রে জানা যায়, সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু-বনদস্যু বাহিনী ১২ থেকে ১৪টি। এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত রাজু ও জুলফিকার ওরফে জুলফু বাহিনী। দুই বছর ধরে পূর্ব সুন্দরবন, বিশেষ করে, চাঁদপাই রেঞ্জ ও দুবলার চরের সাগর এলাকা থেকে শুরু করে পাথরঘাটা-বরগুনা এলাকা পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে এ দুটি বাহিনী। চলতি ইলিশের মৌসুমেও এ দুই বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। দুই বাহিনীর প্রধানদের বাড়ি বাগেরহাটের মংলায়।জুলফু বাহিনীর প্রধান জুলফিকার ও সেকেন্ড ইন কমান্ড মুকুলের বাড়ি যথাক্রমে মংলার জয়মণিঘোল ও হলদিবুনিয়া গ্রামে। ইলিশের মৌসুমে নিরাপদে মাছ ধরার নিশ্চয়তা দিয়ে তারা মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে জেলেদের মাঝে দস্যুপাস (টোকেন) সরবরাহ করে। রাজু বাহিনীর প্রধান রাজুর বাড়ি মংলার আমড়াতলা গ্রামে। পুলিশের সঙ্গে এই বাহিনীর কয়েক দফা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলেও কেউ আটক হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলের অভিযোগ, রাজু বাহিনীর অনেক সদস্য বিভিন্ন সময়ে মংলার বিভিন্ন গ্রামে আশ্রয় নিলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দুই বাহিনীর সদস্যদের চাঁদা না দিয়ে কোনো মৎস্যজীবী-বনজীবী জীবিকা নির্বাহ করতে পারে না। গত ১ জুন জুলফু বাহিনী পূর্ব সুন্দরবনের ধানসিদ্ধির চরে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে দুটি ট্রলার, ২৫টি নৌকাসহ ৫০ জন জেলেকে অপহরণ করে। ১৫ জুন শ্যালা নদী-সংলগ্ন সাতরাখালী এলাকা থেকে একই বাহিনী একটি ট্রলার, ১০টি নৌকাসহ ২০ জন জেলেকে অপহরণ করে। ২৮ জুন রাজু বাহিনী ঝাঁপসি এলাকা থেকে নয়টি নৌকাসহ ২৩ জেলেকে অপহরণ করে। ৪ জুলাই একই বাহিনী নারকেলবাড়িয়া এলাকার ভেদাখালী এলাকা থেকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে একটি ট্রলারসহ ১০ জেলেকে অপহরণ করে। ৫ জুলাই পটুয়াখালীর কলাপাড়া ও বাগেরহাটের শরণখোলা-সংলগ্ন বঙ্গোপসাগরে ৭২টি ট্রলারে ডাকাতি করে রাজু ও আব্বাস বাহিনী। বনদস্যুদের গুলিতে নিহত হন এক জেলে ও গুরুতর আহত হন আরেকজন। এ সময় তারা ৭৭ জেলেকে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে।দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ জানান, ২৫-২৬ বছরের মধ্যে এই প্রথম দুবলার চরের মেহের আলী খালে জুলফু ও রাজু বাহিনী দুবার ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এতে জেলেদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ডাকাতি অব্যাহত থাকলে আগামী শীত মৌসুমে সেখানে জেলে ও পর্যটকদের আগমন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, অপহরণের অভিযোগ পাওয়ার পরও দুর্গম পথ, দ্রুতগামী নৌযানের অভাব ও প্রতিকূল আবহাওয়ার কারণে পুলিশের পক্ষে সব সময় অভিযান চালানো যায় না। তবে দস্যুদের, বিশেষ করে, রাজু ও জুলফু বাহিনীকে দমনে পুলিশ তৎপর বলে দাবি করেন তিনি।কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন ইনচার্জ লে. লোকমান হাকিম জানান, গত ১০ জুন রাতে বলেশ্বর নদীর চরদুয়ানী জোড়াখাল এলাকায় র্যাব-৮ ও পাথরঘাটা কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আরব আলী কোম্পানিসহ তিন জলদস্যু নিহত হয়। সুন্দরবনের অনেক জায়গা দুর্গম হওয়ায় অভিযান চালিয়ে সব সময় সফলতা পাওয়া যায় না। তবে অভিযান অব্যাহত আছে। র্যাব-৬-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল ফরিদ জানান, ‘দস্যুদের ধরতে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।’[আগামীকাল পড়ুন: আধুনিক অস্ত্রধারী দস্যুদের কাছে বনপ্রহরীরা অসহায়]