দুই মাসে পশ্চিম রেলের ক্ষতি ২৪ কোটি টাকারও বেশি
টানা হরতাল-অবরোধে নাশকতা এবং যাত্রী ও পণ্য পরিবহন কম হওয়ায় গত বছরের নভেম্বর ও ডিসেম্বর—এ দুই মাসে পশ্চিমাঞ্চল রেলের ২৪ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৭৩০ টাকার ক্ষতি হয়েছে।
এর মধ্যে যাত্রী পরিবহন কম হওয়ার কারণেই ক্ষতি হয়েছে সাত কোটি ৪৯ লাখ টাকা এবং রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যয়ের কারণে ক্ষতি হয়েছে এক কোটি ৮১ লাখ ছয় হাজার ২৫০ টাকা। এসব ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ৬ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর দশম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশে টানা হরতাল-অবরোধ শুরু করে ১৮-দলীয় জোট। অবরোধকারীরা রেললাইন উপড়ে ও ফিশপ্লেট খুলে ফেলে এবং বগিতে আগুন ধরিয়ে দেন। শেষ পর্যন্ত নাশকতা এড়াতে টহল ট্রেনের পিছে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। এমনকি রাজশাহী-ঢাকাপথের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ সময় নাশকতার আশঙ্কায় রেলের যাত্রী চলাচলও কমে যায়। এতে রেলকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত নভেম্বরে পশ্চিমাঞ্চল রেলের তিন কোটি ৫৫ লাখ ৫৫ হাজার ১৯৩ টাকার ক্ষতি হয়। এর মধ্যে ২১টি লোকোমোটিভ, ৪৫টি যাত্রীবাহী বগি, দুটি স্টেশনের ভবন এবং ছয়টি রেলপথের আংশিক ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ এক কোটি সাত লাখ ৮০ হাজার ৪২৮। সম্পূর্ণ ক্ষতি হয়েছে ছয়টি কোচের বৈদ্যুতিক যন্ত্রপাতির। এর পরিমাণ ১২ লাখ ৮৩ হাজার ৫১৫ টাকা। এ ছাড়াও যাত্রী পরিবহন কম হওয়ায় এক কোটি ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ মাসে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে বাড়তি কিছু ব্যবস্থা নিতে হয়েছে। এই খাতে বাড়তি ব্যয়ের কারণে কর্তৃপক্ষের ৩৯ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা ক্ষতি হয়েছে।
রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বরে এ খাতে মোট ক্ষতি হয়েছে ২০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৫৩৭ কোটি টাকা। এর মধ্যে চারটি লোকোমোটিভ, ২১টি যাত্রীবাহী বগি, দুটি রেলসেতু এবং ১০টি রেলপথের আংশিক ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ সাত কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৫৩৭। একটি লোকোমোটিভ, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও একটি স্টেশন ভবন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ চার কোটি ২৮ হাজার। এ মাসে যাত্রী পরিবহন কম হওয়ায় ক্ষতি হয়েছে পাঁচ কোটি ৫৪ লাখ টাকার। পণ্য পরিবহন কম হওয়ায় ক্ষতি হয়েছে এক কোটি ৮৮ লাখ টাকার। নাশকতায় আহত হয়েছে ৩০ জন। মৃত্যু হয়েছে তিনজনের। আনসার ও ভিডিপি নিয়োগ, মোটরট্রলি, রেলপথ পর্যবেক্ষণ বাড়তি ব্যয়ের কারণে ক্ষতি হয়েছে এক কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা।
কবে নাগাদ এই ক্ষতি কাটিয়ে রেল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে জানতে চাইলে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল আলম জানান, তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে আবেদন করেছেন। এই টাকা পেলে যে ক্ষতি হয়েছে, তা ঠিক করা যাবে।