দুই মাসে বরাদ্দ ৬০ কেজি পেলেন ৫০ কেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওই ইউনিয়নের ভিজিডি কার্ডধারী দুস্থ নারীদের চাল কম দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগী নারীরা অভিযোগ করেছেন, দুই মাসে ৬০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তাঁদের ৫০ কেজি করে দেওয়া হয়েছে।
নান্দাইল উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গত বছরের জানুয়ারি থেকে আচারগাঁও ইউনিয়নের ১৭৫ জন দুস্থ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে ভিজিডির চাল দিচ্ছে। প্রতি মাসের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে কার্ডধারী নারীদের মধ্যে বরাদ্দ বিতরণ করার কথা। সময়মতো চিঠি না পাওয়ায় চলতি বছরের জুলাই ও আগস্ট মাসের বরাদ্দ একসঙ্গে বিতরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার আচারগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে ১৭৫ জন কার্ডধারী নারীর প্রত্যেককে এক বস্তা (৫০ কেজি) করে চাল দেওয়া হয়।
নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ইউএফসি) মো. জয়নুল আবেদিন বলেন, সরকারি খাদ্যগুদামে প্রতি বস্তায় ৫০ কেজি চাল থাকে। কাউকে এক বস্তা চাল দেওয়া হলে সেটি ৫১ কেজি ধরা হয়। সেই হিসাবে প্রত্যেক কার্ডধারী নয় কেজি চাল কম পেয়েছেন।
আচারগাঁও ইউনিয়নে বরাদ্দ বিতরণের তদারকির দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম। গতকাল তিনি বলেন, ওই দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে চেয়ারম্যানকে মুঠোফোনে সুষ্ঠুভাবে চাল বিতরণের পরামর্শ দিয়েছেন।